মিরপুরে প্রকাশ্যে নারী পোশাক শ্রমিককে ৩০ সেকেন্ডে ২৯ কোপ, অভিযুক্ত আটক
নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর মিরপুরের রূপনগরে প্রকাশ্য দিবালোকে নূপুর নামে এক নারী পোশাক শ্রমিককে নৃশংসভাবে কুপিয়ে জখম করার ঘটনায় প্রধান অভিযুক্ত রায়হানকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, মাত্র ৩০ সেকেন্ডের ভেতর ভুক্তভোগী ওই তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে ২৯ বার কোপানো হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে রূপনগর থানাধীন শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর সড়কে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরের খাবারের বিরতিতে আরও চার-পাঁচজন সহকর্মীর সঙ্গে হেঁটে বাসায় ফিরছিলেন নূপুর। দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে ১টা ৫ মিনিটের মধ্যে পেছন থেকে এক যুবক চাইনিজ কুড়াল ও রামদা জাতীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সঙ্গে থাকা সহকর্মী এবং আশপাশের কয়েকজন পথচারী তাকে বাঁচাতে এগিয়ে এলেও হামলাকারীর ভয়ংকর রূপ ও ক্ষিপ্রতা দেখে পিছু হটতে বাধ্য হন। মাত্র আধা মিনিটের মধ্যে নূপুরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারী।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিও ছড়িয়ে পড়লে নূপুরের মৃত্যুর খবর রটে যায়। তবে সন্ধ্যায় পুলিশ নিশ্চিত করেছে যে, তিনি গুরুতর আহত অবস্থায় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার পরপরই অভিযান চালিয়ে নেত্রকোণার বাসিন্দা রায়হানকে আটক করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, আটককৃত রায়হান বর্তমানে পেশায় একজন নির্মাণশ্রমিক। এর আগে রায়হান ও ভোলার বাসিন্দা নূপুর ‘সরদার অ্যাপারেলস’ নামের একটি পোশাক কারখানায় একসঙ্গে কাজ করতেন। সেখান থেকেই তাদের মধ্যে প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
পুলিশ আরও জানায়, অভিযুক্তের মোবাইল ফোনের মেসেজ ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে সম্প্রতি রায়হান নূপুরের পরিবারকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু নূপুর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে রায়হান তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালান।
আটককৃত রায়হানকে বর্তমানে মিরপুর মডেল থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।











