ঢাকা | নভেম্বর ১৯, ২০২৬ - ১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম

স্বাস্থ্য

বিএমইউকে পাঁচটি পিইএমএফ ডিভাইস দিল বেক্সিমকো ফার্মা

নিজস্ব প্রতিবেদক।। দীর্ঘমেয়াদি ব্যথা ব্যবস্থাপনায় ক্লিনিক্যাল প্রয়োগ ও গবেষণার জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) পেইন ম্যানেজমেন্ট সেন্টারে পাঁচটি পালসড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড (পিইএমএফ) ডিভাইস হস্তান্তর করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি।
বুধবার (১৮ নভেম্বর) এক অনুষ্ঠানে বেক্সিমকো ফার্মার সেলস বিভাগের জেনারেল ম্যানেজার নুরুল হক বিএমইউর অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামানের কাছে ডিভাইসগুলো হস্তান্তর করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের গবেষণার ভিত্তিতে দেশীয় সামাজিক প্রতিষ্ঠান বাইবিট লিমিটেড ডিভাইসগুলো তৈরি করেছে। বিএমইউতে এসব ডিভাইসের ক্লিনিক্যাল ব্যবহার ও গবেষণার মাধ্যমে দীর্ঘমেয়াদি ব্যথা উপশমে এর কার্যকারিতা যাচাই করা হবে।
অনুষ্ঠানে বিএমইউর অ্যানেস্থেসিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের পেইন মেডিসিন ও রিজিওনাল অ্যানেস্থেসিয়া ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামান বলেন, দেশে অনেক রোগীর জন্য দীর্ঘমেয়াদি ব্যথা ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ।
স্থানীয়ভাবে উদ্ভাবিত পিইএমএফ প্রযুক্তিকে ক্লিনিক্যাল ও গবেষণার কাঠামোর সঙ্গে যুক্ত করা নন-ইনভেসিভ চিকিৎসার নতুন দিগন্ত উন্মোচন করেছে বলেও মন্তব্য করেন তিনি।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, বিএমইউতে এ গবেষণার মাধ্যমে দীর্ঘমেয়াদি ব্যথায় আক্রান্ত রোগীদের জন্য পিইএমএফ প্রযুক্তি একটি কার্যকর বিকল্প চিকিৎসাপদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ তৈরি হবে।
উল্লেখ্য, ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশীয় প্রযুক্তিতে পিইএমএফ ডিভাইসের নকশা ও উন্নয়নের কাজ শুরু হয়। পরবর্তী সময়ে দেরিতে জোড়া লাগা হাড়ের চিকিৎসায় এ প্রযুক্তি ব্যবহার করে সাফল্য পাওয়া যায় এবং ২০১৯ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাইবিট কয়েক হাজার রোগীর চিকিৎসায় এটি ব্যবহার করে আসছে।
ডিভাইস হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিইএমএফ গবেষণার প্রধান গবেষক, অনারারি অধ্যাপক ও বাইবিটের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন অধ্যাপক খোন্দকার সিদ্দিক-ই রব্বানীসহ গবেষক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত