বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা, বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’
নিজস্ব প্রতিবেদক।। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত সূচকে ঢাকার স্কোর রেকর্ড করা হয়েছে ২২১, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
আইকিউএয়ারের তাৎক্ষণিক সূচক অনুযায়ী, এদিন ৩৩৯ স্কোর নিয়ে বায়ুদূষণে বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। ১৯৯ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। এছাড়া ১৮২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ এবং ১৭৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, কোনো শহরের বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ এবং ৫১ থেকে ১০০ হলে ‘সহনীয়’ বলে ধরা হয়। স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়।
অন্যদিকে বায়ুমান সূচক ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ ছাড়িয়ে গেলে তা ‘দুর্যোগপূর্ণ’ বা ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়।











