মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে বস্তিতে আগুনের সূত্রপাত হয় এবং বেলা ১১টা ১৫ মিনিটের দিকে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের কর্মকর্তা তালহা বিন জসিম ও নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকালে আগুন লাগার খবর পেয়েই তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা থেকে দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরবর্তীতে আরও একটি ইউনিট তাদের সঙ্গে যুক্ত হলে মোট আটটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, সকালে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। টিনশেডের ঘর হওয়ায় আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে এবং বাসিন্দারা ঘর থেকে প্রয়োজনীয় মালামাল বের করার সুযোগ পাননি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির মোট পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।











