সাবেক মেয়র সাঈদ খোকন সাত দিনের রিমান্ডে
আদালত প্রতিবেদক।। চব্বিশের জুলাই-আগস্টে রাজধানীর ধানমন্ডিতে কিশোর আব্দুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর গুলশানের বারিধারা এলাকার একটি বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-১-এর একটি দল। সন্ধ্যায় তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, সাঈদ খোকন দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনা করছেন বলে তথ্য পাওয়া গেছে। তাকে গ্রেপ্তার করা গেলেও তার সহযোগী শীর্ষ নেতাকর্মীরা এখনো আত্মগোপনে রয়েছেন।
আবেদনে আরও বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পলাতক আসামিদের অবস্থান শনাক্ত, আশ্রয়দাতাদের তথ্য সংগ্রহ এবং বর্তমান আস্তানা ও পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জানতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
আদালতে রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ধানমন্ডি এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিয়ে বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ১৪ বছর বয়সী কিশোর আব্দুল মোতালেব।
এ ঘটনায় ওই বছরের ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এই মামলার এজাহারভুক্ত ২৩ নম্বর আসামি সাঈদ খোকন।











