ঢাকা | নভেম্বর ১৭, ২০২৬ - ১:৫৪ অপরাহ্ন

শিরোনাম

আইন আদালত

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস

আদালত প্রতিবেদক।। রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি ও সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে সোমবার (১৬ নভেম্বর) আসামিদের জেল আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী।

আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. হাফিজুর রহমান খান। রায় ঘোষণার সময় আদালতে শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, চলতি বছরের ১৯ মে পল্লবীর একটি বাসায় প্রতিবেশী শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করেন সোহেল রানা। অপরাধ ধামাচাপা দিতে তিনি মরদেহ টুকরো করারও চেষ্টা করেন।

এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় হত্যা মামলা করলে পুলিশ প্রথমে স্বপ্না খাতুন এবং পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেফতার করে। ২৪ মে আদালতে দাখিল করা অভিযোগপত্রে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার এবং স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট ও স্বামীকে সহায়তার অভিযোগ আনা হয়।

দ্রুত বিচার প্রক্রিয়া শেষে গত ৭ জুন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেলকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছিল। পরবর্তীতে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে হাইকোর্ট সোহেলের সর্বোচ্চ সাজা বহাল রেখে স্বপ্নাকে খালাস দেন।

সম্পর্কিত