ঢাকা | নভেম্বর ১৮, ২০২৬ - ১২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম

রাজনীতি

পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

বিশেষ প্রতিনিধি।। শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। তার পদত্যাগের ফলে আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের বৈঠকের শুরুতে স্পিকার সংসদকে ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

অধিবেশনে স্পিকার জানান, ড. ওসমান ফারুক গত ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে নিজের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন। স্পিকার ১৫ নভেম্বর পত্রটি গ্রহণ করেন। সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকারের কাছে পদত্যাগপত্র পৌঁছানোর দিন (১৫ নভেম্বর) থেকেই কিশোরগঞ্জ-৩ (নির্বাচনী এলাকা-১৬৪) আসনটি শূন্য হয়েছে।

সংসদ সচিবালয় ও দলীয় সূত্রে জানা গেছে, ৮৬ বছর বয়সী এই রাজনীতিবিদ চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি ই-মেইলের মাধ্যমে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান। অসুস্থতা ও বিদেশে অবস্থানের কারণে গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দিতে পারেননি।

এর আগে দুপুরে সংসদ সচিবালয় থেকে তার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানা গেলে ওসমান ফারুকের ঘনিষ্ঠ ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি জালাল মোহাম্মদ গাউস বিষয়টি নিশ্চিত করেন। তবে পদত্যাগপত্রে অসুস্থতার কথা উল্লেখ থাকলেও, বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্রে বলা হয়েছে, মন্ত্রিসভায় স্থান না পাওয়ার অসন্তোষ থেকেও তিনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তবে দলের পক্ষ থেকে এই বিষয়ে কেউ আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত হয়ে বিএনপি সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

সম্পর্কিত