ঢাকা | নভেম্বর ১৭, ২০২৬ - ১:৩৬ অপরাহ্ন

শিরোনাম

আইন আদালত

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার, আদালতে তোলার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর বারিধারা এলাকা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১) একটি দল।

গ্রেফতারের পর তাকে প্রথমে গুলশান থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেফতার ও হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এই সদস্যের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ ৩০টির বেশি মামলা রয়েছে।

তিনি আরও জানান, এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন সাঈদ খোকন। ওই বছরের ২৩ ডিসেম্বর আদালত তার ও পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

পরবর্তীতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাঈদ খোকন ও তার পরিবারের ৭৯টি ব্যাংক হিসাব এবং ৯০ কোটি টাকার বন্ড বিনিয়োগ অবরুদ্ধ করেন আদালত।

পাশাপাশি গুলশানের ১৪ তলা ভবন ও বারিধারার বাড়িসহ বেশ কিছু স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দেওয়া হয়। একই বছরের ১৩ নভেম্বর ৫৪ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুদক। এছাড়া তার পরিবারের বিরুদ্ধে প্রায় ২৯৭ কোটি টাকা কর ফাঁকির অভিযোগও রয়েছে।

উল্লেখ্য, সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরের মেয়াদে সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

সম্পর্কিত