ঢাকা | নভেম্বর ১৭, ২০২৬ - ৬:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

দুর্গম পাহাড়ে শীতজনিত রোগের প্রকোপ, ৩০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিল মহালছড়ি সেনা জোন

মহালছড়ি প্রতিনিধি:

 

শীতের আগমনে পাহাড়ি জনপদে বাড়তে শুরু করেছে ঠান্ডাজনিত বিভিন্ন রোগের প্রকোপ। বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকার শিশু, নারী ও বয়স্করা বেশি ভোগান্তিতে পড়ছেন। এমন পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে দুর্গম পশ্চিম জয়সেন পাড়া এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

 

সোমবার (১৬ নভেম্বর) দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পেইনে প্রায় ৩০০ পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

 

মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল জাবির আসিফ। এ সময় তিনি চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শিশুদের সঙ্গে সময় কাটান। পাশাপাশি দুর্গম এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার খোঁজখবর নেন এবং ক্যাম্পেইনের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

 

এ বিষয়ে মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন আজিমুর রহমান জানান, দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষ যেন শীতজনিত রোগসহ বিভিন্ন অসুস্থতায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রচেষ্টা থাকবে।

 

ক্যাম্পেইনে দায়িত্ব পালনকারী ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের গাইনি রোগ বিশেষজ্ঞ মেজর ফারহানা শারমিন বলেন, মহালছড়ি জোনের উদ্যোগে দুর্গম এ পাহাড়ি এলাকায় চিকিৎসাসেবা দিতে এসে নারী ও শিশুদের মধ্যে শীতবাহিত রোগের প্রকোপ বেশি দেখা গেছে। রোগীদের শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ দেওয়া হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী সব সময় মানুষের পাশে থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

 

উল্লেখ্য, শীত মৌসুমে দুর্গম পাহাড়ি এলাকায় যাতায়াতের অসুবিধা ও চিকিৎসাসেবা কেন্দ্রের দূরত্বের কারণে অনেক সময় সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর এ বিনামূল্যের চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।

সম্পর্কিত