নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান
বিশেষ প্রতিনিধি।। রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে বলে জানিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি জানান, নিয়োগ পেতে যাওয়া এই জনবলের ৮০ শতাংশই হবেন নারী।
আজ শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) এক যুগ পূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবহেলার কারণে রোগ প্রতিরোধের বিষয়টি সেভাবে গুরুত্ব পায়নি। ফলে দেশের ৯০ হাজারের বেশি গ্রামের লাখ লাখ নারী বর্তমানে এমন সব রোগে ভুগছেন, যা সহজেই প্রতিরোধযোগ্য।
রোগ প্রতিরোধের জ্ঞান মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গবেষণা ও আস্থার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, গত ১২ বছর ধরে আইদেশি ঠিক এই কাজটিই করে যাচ্ছে। কাজের ধীরগতির কারণে তরুণ গবেষকেরা কিছুটা হতাশ হলেও তাদের এই প্রচেষ্টা অসংখ্য মানুষকে সুস্থ জীবনযাপন করতে সাহায্য করছে বলে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি আইদেশির প্রতিষ্ঠাতা ও প্রধান ফেরদৌসী কাদরীসহ প্রতিষ্ঠানটির সব বিজ্ঞানী ও কর্মীদের অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থার আমূল পরিবর্তনে নানা উদ্যোগ নিয়েছে। প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার স্বাস্থ্য খাত সংস্কারে পাঁচটি অগ্রাধিকার চিহ্নিত করেছে।
তিনি জানান, সরকারের এই অগ্রাধিকারের মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় গবেষণা জোরদার করা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা। এছাড়া ওষুধ শিল্পে উদ্ভাবন ও বায়োটেকনোলজিতে উৎসাহ প্রদান, ডিজিটাল স্বাস্থ্যসেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার এবং স্বাস্থ্য গবেষণায় একটি টেকসই পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেয়া হচ্ছে।











