ঢাকা | নভেম্বর ১৫, ২০২৬ - ২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম

রাজনীতি

ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক।। আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে বলে জানিয়েছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আজ শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত যুব উপজেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।

সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, পাপের বোঝা বেশি বলেই দেশ ছেড়ে পালিয়েছে যারা, তারাই এখন নানা ষড়যন্ত্র করছে। তবে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে জামায়াত কারও সঙ্গে কোনো আপস করবে না।

সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, বর্তমান সরকারকে জামায়াত এখনই ফ্যাসিস্ট বলতে চায় না। তবে ফ্যাসিস্টের রেখে যাওয়া ভাইরাস সরকারের ভেতরেই রয়ে গেছে।
তিনি আরও জানান, জামায়াত শুধু সরকারে অংশগ্রহণ করতে চায় না, বরং দেশের পুরো রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন চায়।

২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, তরুণ প্রজন্ম দেশে নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না। বিপথগামী তরুণদের বুকে টেনে নিয়ে সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন।

এ সময় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ডা. শফিকুর রহমান স্পষ্ট জানান, স্থানীয় নির্বাচনে ভোট ডাকাত ও ভোটচোর ইঞ্জিনিয়ারদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

সম্মেলনে বক্তব্য দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ভারতের গণমাধ্যম ও সরকারি সূত্রের সংবাদের সমালোচনা করে তিনি বলেন, পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সামরিক বিমানে নিয়ে যাওয়া এবং নিরাপত্তা দেওয়ার বিষয়ে ভারত যেসব কথা বলছে, প্রতিবেশী দেশ হিসেবে তাদের তা বলার কোনো অধিকার নেই।

সকাল ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের। সারা দেশ থেকে আসা উপজেলা, থানা ও পৌরসভার প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন এমপি এবং উত্তরের সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইয়াছিন আরাফাতসহ কেন্দ্রীয় নেতারা।

সম্পর্কিত