ঢাকা | নভেম্বর ১২, ২০২৬ - ১১:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম

সারাদেশ

কাশিমপুর কারাগারের কয়েদির পেট থেকে অর্ধশতাধিক গ্যাস লাইটার ও নেইল কাটার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক।। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির পেটে অস্ত্রোপচার করে অর্ধশতাধিক গ্যাস লাইটার, কয়েকটি নেইল কাটার ও স্ক্রু বের করেছেন চিকিৎসকরা। গত ৪ নভেম্বর রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দীর্ঘ কয়েক ঘণ্টার অস্ত্রোপচারে এসব বস্তু অপসারণ করা হয়।

অস্ত্রোপচার করা ওই কয়েদির নাম হাসমত আলী (৪৪)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের বাসিন্দা। নিজের বাবাকে হত্যার দায়ে আদালত তাঁকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিলেন।

কারা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পেটে তীব্র ব্যথা শুরু হলে হাসমত আলীকে কারাগার থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। খাবার খেলেই তিনি বমি করে দিতেন এবং শুধু পানি পান করতে পারতেন। পরে এক্স-রে পরীক্ষায় তাঁর পেটের ভেতরে ধাতব ও অস্বাভাবিক বস্তুর উপস্থিতি ধরা পড়ে।

কারা সংশ্লিষ্টরা জানান, হাসমত আলী কারাগারের ভেতরে পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) হিসেবে কাজ করতেন। এই কাজের সুবাদে বিভিন্ন ওয়ার্ড ও শৌচাগারে যাওয়ার সুযোগ পেতেন তিনি। সেখান থেকেই গত তিন মাসে তিনি গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু, ইটের টুকরা, মাটি ও লোহার তার সংগ্রহ করে গিলে ফেলেছিলেন।

বাবাকে হত্যার ঘটনার পর থেকেই হাসমত মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। কারা কর্তৃপক্ষকে তিনি জানিয়েছেন, আর বেঁচে থাকতে চান না বলেই এসব ক্ষতিকর বস্তু খেয়েছেন। কারাগারে আসার আগে বাড়িতে থাকাকালীনও তাঁর মধ্যে পোকামাকড় খাওয়ার মতো অস্বাভাবিক অভ্যাস ছিল।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন জানান, উন্নত চিকিৎসার জন্য ঢাকার বাইরের কারাগার থেকে বন্দিদের সরকারি হাসপাতালে আনা হলে ঢাকা কেন্দ্রীয় কারাগার নিরাপত্তা ও ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। সেই নিয়ম অনুযায়ী ঢামেক হাসপাতালে হাসমতের নিরাপত্তায় কারারক্ষীরা নিয়োজিত রয়েছেন।

কারা সূত্র আরও জানায়, অস্ত্রোপচারের আগে হাসমতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা হাসপাতালে আসতে আগ্রহ দেখাননি। ফলে কারা কর্তৃপক্ষের অনুমতি ও খরচেই তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

সম্পর্কিত