নেত্রকোণায় ১১ বছরের ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণা প্রতিনিধি।। নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে ‘সাগর হুজুরকে’ মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আজ বুধবার দুপুরে নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
এই মামলার অপর আসামি ও দণ্ডপ্রাপ্ত শিক্ষকের আপন ভাই মামুন মিয়া ওরফে মাইমুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দিয়েছেন।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ ওই ছাত্রীকে মাদ্রাসায় ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেন তিনি।
পরবর্তীতে ভুক্তভোগী শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং একটি সন্তানের জন্ম দেয়। বিষয়টি জানাজানি হলে শিশুটির মা বাদী হয়ে চলতি বছরের ২৩ এপ্রিল মদন থানায় মামলা দায়ের করেন। মামলার পর গত ৬ মে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
আদালতের নির্দেশে সিআইডি ফরেনসিক ল্যাবে নবজাতকের ডিএনএ পরীক্ষা করা হলে দণ্ডপ্রাপ্ত শিক্ষকের ডিএনএ-র সঙ্গে ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়। মামলায় মোট ১০ জনের সাক্ষ্যগ্রহণ এবং গত ২৮ অক্টোবর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।











