ঢাকা | নভেম্বর ১০, ২০২৬ - ১০:১০ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ; ৩০ কারখানায় ছুটি, বিজিবি মোতায়েন

সাভার সংবাদদাতা।। সাভারের আশুলিয়ায় বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও রবার বুলেট নিক্ষেপ করলে অন্তত দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। এই উদ্ভূত পরিস্থিতিতে আশুলিয়ার ইউনিক, জামগড়া, নরসিংহপুর, জিরাবো ও কাঠগড়াসহ বিভিন্ন এলাকার অন্তত ৩০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে এবং শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কয়েক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে শিল্পাঞ্চলের বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় এই সংঘাতের সূত্রপাত হয়।

সংঘর্ষের সময় রবার বুলেটে গুরুতর আহত দুই শ্রমিক হলেন—স্টার্লিং স্টাইলের আলমগীর হোসেন ও রাফিয়া বেগম। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাফিয়া বেগমের মাথার আঘাত আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করেন।

চিকিৎসকেরা নিশ্চিত করেছেন যে, আহতরা রবার বুলেটের আঘাতে জখম হয়েছেন। এদিকে চলমান শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় অবস্থিত ‘নিউএইজ গ্রুপ’-এর অধীন সব পোশাক কারখানা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা (কাজ নেই, মজুরি নেই) মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আশুলিয়ার দি-রোজ, নেক্সট কালেকশন, স্টার্লিং ক্রিয়েশন ও স্টার্লিং স্টাইলসহ কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজ বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জামগড়া ও আশপাশের এলাকার আরও বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে রাস্তায় বেরিয়ে আসেন। শ্রমিকরা মূলত ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং আন্দোলনরত শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা বন্ধসহ ৯ দফা দাবিতে এই বিক্ষোভ করছেন।
সকাল ১০টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া ছয়তলার মোড় এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে ও ছত্রভঙ্গ করতে ধাওয়া দিলে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। দুপুরের দিকে জামগড়া ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।

শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ শব্দ সুপার শোয়েব আহম্মেদ গণমাধ্যমকে জানান, কয়েকটি কারখানার শ্রমিকেরা বিশৃঙ্খলা সৃষ্টি করে সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও জানমালের নিরাপত্তায় সাউন্ড গ্রেনেড এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে এবং শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে।

সম্পর্কিত