ঢাকা | নভেম্বর ১১, ২০২৬ - ৭:০৭ অপরাহ্ন

শিরোনাম

আইন আদালত

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের ব্রিফিং কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

আদালত প্রতিবেদক।। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (১১ নভেম্বর) এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

রুলে অনুসন্ধান শুরুর সিদ্ধান্তের পরই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে দুদকের দেওয়া বক্তব্যসংবলিত প্রেস ব্রিফিং কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন ও ব্যারিস্টার ইউসুফ আলী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবুর রহমান খান। এর আগে গত ২৯ সেপ্টেম্বর হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছিলেন। অবকাশ শেষে আবেদনটি পুনরায় শুনানির জন্য উপস্থাপন করা হয়।

মামলার নথি অনুযায়ী, গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা এবং সহকারী পরিচালক পৃথক দুটি প্রেস ব্রিফিং করেন। সেখানে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্তের পর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে দাবি করা হয়।

এই দুই ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন আসিফ মাহমুদ। আবেদনে উল্লেখ করা হয়, অনুসন্ধান পর্যায়ে এমন বক্তব্য সংবিধানের ৩১ অনুচ্ছেদে নিশ্চিত করা ব্যক্তির মর্যাদা ও সুনামের সুরক্ষার পরিপন্থী এবং এটি দুদকের নিজস্ব তথ্য অবমুক্তকরণ নীতিমালারও লঙ্ঘন।

গত ২ সেপ্টেম্বরের ব্রিফিংয়ে আসিফ মাহমুদের বিরুদ্ধে ৭৬ লাখ টাকা নেওয়াসহ বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছিল সংস্থাটি। তবে পরবর্তীতে দুদকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ বা অনিচ্ছাকৃত ভুল বলে উল্লেখ করেন।

অন্যদিকে, ১৩ সেপ্টেম্বরের ব্রিফিংয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক ও ৩৬ জন জেলা প্রশাসক নিয়োগ, এলজিইডির প্রধান প্রকৌশলী নিয়োগ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার থেকে শত কোটি টাকার কমিশন বাণিজ্যের অভিযোগ তোলা হয়। এ ছাড়া বিদেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগও ওই ব্রিফিংয়ে উপস্থাপন করা হয়েছিল।

সম্পর্কিত