ঢাকা | নভেম্বর ১০, ২০২৬ - ১০:১০ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

ভাইস চেয়ারম্যান মুজিবুর রশিদ, সেক্রেটারি দৌলতুল কবির

 

বান্দরবান প্রতিনিধি:

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের বিশেষ সাধারণ সভা (ওজিএম) ও ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মো. মুজিবুর রশিদ ভাইস চেয়ারম্যান এবং দৌলতুল কবির খান সিদ্দিকী সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) বান্দরবানের মেঘলাস্থ রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় প্রাঙ্গণে এ বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় ইউনিটের চলমান মানবিক কার্যক্রম, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুল কুদ্দুস বলেন, রেড ক্রিসেন্ট একটি মানবিক সংগঠন। এ সংগঠনের আজীবন সদস্য ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের দায়িত্ব অনেক বেশি। নবনির্বাচিত কমিটিকে শুধু কার্যালয়কেন্দ্রিক কার্যক্রমে সীমাবদ্ধ থাকলে চলবে না। বান্দরবান জেলার সাতটি উপজেলার ৩৪টি ইউনিয়নের তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবকদের সুসংগঠিত করে সাধারণ মানুষের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

 

তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে নানা প্রতিকূলতার মধ্যেও বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। বর্তমান কার্যালয়ের জমি নামমাত্র মূল্যে ব্যবস্থা করা এবং একতলা ভবন নির্মাণের সময় ব্যক্তিগতভাবে দায়িত্ব পালনের সুযোগ হয়েছিল। এর আগে পাঁচ বছর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনকালে জেলার সাতটি উপজেলায় ব্যাপক কার্যক্রম পরিচালিত হয়েছে। আগের অ্যাডহক কমিটির মেয়াদ সীমিত থাকলেও বর্তমান নির্বাচিত কমিটি আগামী তিন বছর পূর্ণ মেয়াদে কাজ করার সুযোগ পাবে।

 

পরে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল কুদ্দুস, নির্বাচন কমিশনার মোমেন চৌধুরী ও মো. মুছা এবং নির্বাচন কমিশন সচিব ও ইউনিট অফিসার আসশাদুল হায়দার চৌধুরীর পরিচালনায় ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

 

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মো. মুজিবুর রশিদ এবং সেক্রেটারি পদে দৌলতুল কবির খান সিদ্দিকী নির্বাচিত হন। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোজাম্মেল হক, সাবিকুর রহমান, মো. হাবিবুর রহমান ভূঁইয়া, উম্মে কুলসুম সুলতানা লিনা এবং সাংবাদিক মো. আবুল বাশার নয়ন।

 

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সেক্রেটারি দৌলতুল কবির খান সিদ্দিকী বলেন, গত ১৫ দিন ধরে অনুষ্ঠানটি সফল করতে বর্তমান যুব প্রধান ও স্বেচ্ছাসেবকরা অক্লান্ত পরিশ্রম করেছেন। নির্বাচন ও সামগ্রিক আয়োজন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করায় তিনি প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য এবং রেড ক্রিসেন্টের আজীবন সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিট অফিস সূত্রে জানা যায়, রেড ক্রিসেন্টের নির্বাচনে প্যানেল, কণ্ঠভোট ও ব্যালট, এই তিন পদ্ধতি অনুসরণ করা হয়। ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারি পদে একটি করে এবং সদস্য পদে পাঁচটিসহ একটি পূর্ণাঙ্গ প্যানেল জমা পড়ায় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্যানেল পদ্ধতিতে চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হয়।

 

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ১১ নভেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকায় আগের দুটি অ্যাডহক কমিটির সিদ্ধান্তক্রমে এ নির্বাচনের আয়োজন করা হয়। নির্বাচনের তফসিল বান্দরবানের তিনটি স্থানীয় পত্রিকায় প্রকাশের পাশাপাশি ডাকযোগে ১ হাজার ১৪৮ জন সদস্যের ঠিকানায় চিঠি পাঠানো হয়েছিল।

সম্পর্কিত