ঢাকা | নভেম্বর ১১, ২০২৬ - ৭:১৪ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশ

সফিপুর উড়াল সেতুতে গাড়ির চাপায় স্বামী-স্ত্রীসহ আট বছরের সন্তান নিহত

গাজীপুর প্রতিনিধি।। গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত গাড়ির চাপায় নারী ও শিশুসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর সোয়া দুইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা একই পরিবারের সদস্য (স্বামী, স্ত্রী ও সন্তান) বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত পুরুষের বয়স আনুমানিক ৩৫ বছর, নারীর ৩০ বছর এবং ছেলে শিশুটির বয়স ৮ বছর।

তারা মোটরসাইকেলযোগে গাজীপুরের কোনাবাড়ী থেকে চন্দ্রার দিকে যাচ্ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, মোটরসাইকেলটি সফিপুর উড়াল সেতু পার হওয়ার সময় পেছন থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি সেটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুর মোরশেদ জানান, সফিপুর উড়াল সেতুতে কোনো সিসিটিভি ক্যামেরা নেই এবং ঘটনাস্থলে কোনো প্রত্যক্ষদর্শীও পাওয়া যায়নি। ফলে ঘাতক গাড়িটি শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে। পুলিশ নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করার পাশাপাশি আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।

সম্পর্কিত