ঢাকা | নভেম্বর ১১, ২০২৬ - ৭:১৪ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশ

বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, ছেলের লাশ দেখে চলে গেলেন বাবাও

কুষ্টিয়া সংবাদদাতা।। কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন স্থানীয় বাসিন্দা আবদুল মান্নান (৫৯) ও তাঁর বড় ছেলে মাহফুজুর রহমান (২৭)।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় গোরস্তানে বাবা ও ছেলেকে পাশাপাশি কবরে দাফন করা হয়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল মান্নান দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন এবং গত কয়েক বছর ধরে বিছানায় শয্যাশায়ী ছিলেন। তাঁর চার ছেলে-মেয়ের মধ্যে বড় ছেলে মাহফুজুর রহমান কুষ্টিয়া শহরের একটি ছাপাখানায় চাকরি করতেন এবং তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

মঙ্গলবার বিকেলে মাহফুজুর রহমান অফিসের চেয়ারে বসে থাকা অবস্থায় ফোনে বাবার গুরুতর অসুস্থতার খবর পান। খবরটি শোনার পরপরই তিনি চেয়ারের একদিকে হেলে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মাহফুজুরের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। শয্যাশায়ী আবদুল মান্নানকে ছেলের মৃত্যুর খবর জানানো হলে তিনি শোক সইতে না পেরে আরও অসুস্থ হয়ে পড়েন এবং রাত ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পিতা-পুত্রের এমন মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত