রাজধানীর গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত, চালক ও সহকারী আটক
নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর গাবতলীর পর্বত এলাকায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী পর্বতের সামনে সড়কের কল্যাণপুরগামী অংশে রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, ‘চাঁদনী ট্রাভেলস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত ওই দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দ করার পাশাপাশি এর চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। নিহত নারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।











