ঢাকা | নভেম্বর ১০, ২০২৬ - ১০:২০ অপরাহ্ন

শিরোনাম

রাজনীতি

আমির হামজার ভাইরাল অডিওতে এআই ব্যবহারের প্রমাণ পায়নি ‘দ্য ডিসেন্ট’ 

ডেস্ক রিপোর্ট।। কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত অডিও রেকর্ড বিশ্লেষণ করে তাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহারের কোনো প্রমাণ পায়নি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘দ্য ডিসেন্ট’।

একাধিক অনলাইন টুলের মাধ্যমে কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে প্রতিষ্ঠানটি এই তথ্য নিশ্চিত করেছে। তবে অডিওটি কার সঙ্গে এবং কী প্রেক্ষাপটে রেকর্ড করা হয়েছিল, তা সুনির্দিষ্টভাবে নিশ্চিত করা যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন নিজের ফেসবুক আইডিতে আমির হামজার একটি কথিত নারীঘটিত অডিও ও ভিডিও ফাঁসের দাবি করেন এবং ফ্যাক্টচেক মারফত এর সত্যতা পেয়েছেন বলে উল্লেখ করেন। ফাঁস হওয়া অডিওতে এক ব্যক্তিকে (যার কণ্ঠ আমির হামজার সদৃশ) নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে বলতে শোনা যায়, ‘ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত’।

এদিকে অডিওটি প্রকাশের পর গত ৬ নভেম্বর বগুড়ার একটি ওয়াজ মাহফিলে অংশ নিয়ে মুফতি আমির হামজা তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। এই প্রচারণার পেছনে ভারত ও সংশ্লিষ্ট চক্র জড়িত রয়েছে দাবি করে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

আমির হামজার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে দাবি করা হয়েছিল যে অডিও-ভিডিওগুলো এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা, যা এখন ফ্যাক্টচেক অনুসন্ধানে নাকচ হয়ে গেল।

সম্পর্কিত