ঢাকা | নভেম্বর ৯, ২০২৬ - ১০:১৪ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যার অন্নপূর্ণা বেস ক্যাম্প জয়

 

সাইকেল চালিয়ে ১৩ হাজার ৫৫৩ ফুট উচ্চতায় পৌঁছে হিমালয় অভিযানে নতুন সাফল্য

 

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

 

হিমালয় অভিযানে আরও একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা এলাকার সাহসী অভিযাত্রী বীর কুমার তনচংগ্যা। সোমবার (৯ নভেম্বর) সাইকেল চালিয়ে নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছেছেন তিনি। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ১৩০ মিটার বা ১৩ হাজার ৫৫৩ ফুট উচ্চতায় অবস্থিত এই বেস ক্যাম্পে পৌঁছানোর মধ্য দিয়ে তাঁর চলমান ‘সি টু হিমালয়াস-এক্সপেডিশন ফর অ্যাওয়ারনেস’ অভিযানে যুক্ত হয়েছে নতুন এক সাফল্য।

 

‘প্যাডেল ফর ডোনেট ব্লাড’ ও ‘ক্লাইমেট জাস্টিস’ শীর্ষক দুটি সামাজিক সচেতনতামূলক বার্তা নিয়ে গত ১৬ আগস্ট ২০২৬ কক্সবাজার থেকে শুরু হয় তাঁর এই ব্যতিক্রমী হিমালয় অভিযান। রক্তদানে মানুষকে উৎসাহিত করা এবং জলবায়ু ন্যায়বিচারের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করাই এ অভিযানের অন্যতম লক্ষ্য।

 

অভিযানের অংশ হিসেবে এর আগে তিনি এভারেস্ট বেস ক্যাম্প, এভারেস্ট অঞ্চলের তিনটি উচ্চতম পাস এবং পাঁচটি পর্বতশৃঙ্গ অতিক্রম করেছেন। গত ২২ সেপ্টেম্বর ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতার এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান তিনি। এছাড়া ২১ সেপ্টেম্বর কংমালা পাস, ১ অক্টোবর চোলা পাস এবং ৬ অক্টোবর রেনজোলা পাস অতিক্রম করে নিজের অভিযাত্রায় নতুন মাত্রা যোগ করেন।

 

প্রতিকূল আবহাওয়া, দুর্গম পাহাড়ি পথ ও নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে একের পর এক লক্ষ্য অর্জনের মধ্য দিয়ে বীর কুমার তনচংগ্যা তাঁর দৃঢ় মনোবল ও সাহসিকতার পরিচয় দিচ্ছেন। তাঁর এই অর্জন শুধু কাপ্তাই কিংবা রাঙামাটির জন্য নয়, দেশের তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

সম্পর্কিত