ঢাকা | নভেম্বর ৯, ২০২৬ - ১০:০০ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশ

ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৫০, ট্রাক চালকের পা কেটে উদ্ধার 

ফরিদপুর সংবাদদাতা।। ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার ভোর ৬টার দিকে মধুখালী মরিচবাজার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, মাগুরা থেকে আসা রডবোঝাই একটি ট্রাক সেঁজুতি আয়রন অ্যান্ড স্টিলের সামনে রড নামানোর জন্য ঘোরানোর চেষ্টা করছিল। এ সময় কালীগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি দ্রুতগামী বাস ওই ট্রাকটির মাঝামাঝি অংশে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী, চালক ও সহকারীসহ অন্তত ৫০ জন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সংঘর্ষের তীব্রতায় ট্রাকচালক গাড়ির ভেতরে আটকা পড়লে তার একটি পা কেটে তাকে উদ্ধার করতে হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
করিমপুর হাইওয়ে থানার ওসি আব্দুস সালাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দুটিকে ইতোমধ্যে জব্দ করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে যার যার গন্তব্যে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত