ঢাকা | নভেম্বর ১০, ২০২৬ - ১০:২০ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশ

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ ছাত্র বার্ন ইনস্টিটিউটে, আশঙ্কাজনক ৪

নারায়ণগঞ্জ সংবাদদাতা।।  নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি আবাসিক মাদ্রাসায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দগ্ধ না হলেও ভবনে আটকে পড়ে বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৬৩ জন শিক্ষার্থীকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের সবার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক পৌনে দুইটা থেকে দুইটার মধ্যে এই দুর্ঘটনা ঘটে।

আইসিইউতে চিকিৎসাধীন আশঙ্কাজনক চার শিক্ষার্থীর মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—ইউসুফ মিয়া (১৮), খাইরুল হোসেন (২২) ও জোবায়ের হোসেন (১৮)।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার গণমাধ্যমকে জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন কারও শরীরেই বাহ্যিক পোড়ার চিহ্ন নেই, তবে অতিরিক্ত ধোঁয়ার কারণে শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আশঙ্কাজনক চারজনের মধ্যে একজনকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের জন্য মেকানিক্যাল ভেন্টিলেটর বা লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, ফতুল্লার ভুঁইগড় শান্তিধারা এলাকায় অবস্থিত পাঁচতলা বিশিষ্ট ‘জামিয়া আশরাফিয়া মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ড ঘটে। ওই তলায় অবস্থিত প্রায় চার হাজার বর্গফুটের লাইব্রেরি ও অফিস কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। লাইব্রেরিতে থাকা বিপুল পরিমাণ বই খাতা ও নথিপত্রের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই পুরো ভবন ঘন ও বিষাক্ত কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

দুর্ঘটনার সময় মাদ্রাসার আবাসিক ভবনে প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থী ঘুমন্ত অবস্থায় ছিল। গভীর রাতে হঠাৎ আগুন ও চারদিকের অন্ধকার ধোঁয়ায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘুম থেকে জেগে তারা তাড়াহুড়ো করে ভবন থেকে বের হওয়ার চেষ্টা করলে হুড়োহুড়ির সৃষ্টি হয়। এ সময় বিষাক্ত ধোঁয়ার মধ্যে আটকা পড়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী শ্বাসকষ্টে আক্রান্ত ও অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসা কর্তৃপক্ষের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন এবং ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার শাহজাহান জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের তিনটি এবং শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের দুটিসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মীদের তৎপরতায় আগুন ওপরের তলাগুলোতে ছড়াতে পারেনি। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ৩টা ৪৪ মিনিটে তা সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, লাইব্রেরি বা অফিস কক্ষের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে মাদ্রাসার লাইব্রেরির বই ও আসবাবপত্র পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি করেছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ক্ষতিগ্রস্ত মাদ্রাসা ভবন পরিদর্শন করেছেন এবং চিকিৎসাধীন শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নিয়েছেন।

সম্পর্কিত