ঢাকা | নভেম্বর ৭, ২০২৬ - ৯:৩৫ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের বাঘমারা প্রজ্ঞাদর্শন ভাবনা কেন্দ্রে কঠিন চীবর দান অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি:

 

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা প্রজ্ঞাদর্শন ভাবনা কেন্দ্রে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অষ্টপরিষ্কারসহ সংঘদান, কল্পতরু দান ও দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৭ নভেম্বর) দিনব্যাপী ভাবনা কেন্দ্রের দায়ক-দায়িকা ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী উপাসক-উপাসিকা অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে জামছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ. কসাহ্লা মহাথেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগলটুলি শ্মশানভূমি শাক্যমুনি বিহারের পরিচালক ধর্মদূত তিলোকাবংশ মহাথের। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য উঃ চ নু মং মারমা। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাঘমারা প্রজ্ঞাদর্শন ভাবনা কেন্দ্রের পরিচালক, সুদেশক ও অনুবাদক ভদন্ত ইন্দ্রবংশ থের।

 

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য উঃ চ নু মং মারমা বলেন, পাহাড়ের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ এবং ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখতে এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পার্বত্য অঞ্চলের সব সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে জেলা পরিষদ সবসময় সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।

 

দিনব্যাপী অনুষ্ঠানে বুদ্ধপূজা, সূত্রপাঠ, সংঘদান, কঠিন চীবর দান ও সমবেত প্রার্থনাসহ বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। পরে মহাসংঘদান ও পুণ্যফল ভাগাভাগির মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সম্পর্কিত