ঢাকা | নভেম্বর ৫, ২০২৬ - ৮:১২ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

ধুমনীঘাটে মহালছড়ি সেনা জোনের মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন স্থানীয়রা

মহালছড়ি প্রতিনিধি।।

 

দুর্গম পাহাড়ি এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ধুমনীঘাট এলাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি সেনা জোন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আয়োজিত এ ক্যাম্পে স্থানীয় ত্রিপুরা জনগোষ্ঠীর কয়েক শতাধিক নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেন।

 

ক্যাম্পে সর্দি, জ্বর, চর্মরোগসহ বিভিন্ন সাধারণ ও শীতজনিত রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

 

মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন মহালছড়ি সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল জাবির আসিফ, পিএসসি। এ সময় তিনি চিকিৎসাসেবার কার্যক্রম ঘুরে দেখেন এবং স্থানীয় রোগীদের সঙ্গে কথা বলে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসাসেবার খোঁজখবর নেন।

 

মহালছড়ি সেনা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) মোঃ আজিমুর রহমান বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। বিশেষ করে শীতের শুরুতে সর্দি, জ্বর ও চর্মরোগের প্রকোপ বাড়ে। এসব বিষয় বিবেচনায় নিয়ে স্থানীয়দের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, শিশু, নারী ও বয়স্কদের স্বাস্থ্যসেবায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও সুযোগ ও প্রয়োজন অনুযায়ী দুর্গম এলাকার মানুষের জন্য এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রচেষ্টা থাকবে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এলাকায় এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজনের ফলে নিজ এলাকায় থেকেই বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তারা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানান।

সম্পর্কিত