ঢাকা | অক্টোবর ১৪, ২০২৬ - ৯:২৩ অপরাহ্ন

শিরোনাম

আইন আদালত

ঢামেকে হাসানুল হক ইনু, খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

নিজস্ব প্রতিবেদক।। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
আজ বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তত্ত্বাবধানে এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সার্বিক সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে হাসপাতাল থেকে নিয়ে যান। সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। কোনো একটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের অংশ হিসেবে এই স্বাস্থ্য পরীক্ষা করানো হয়ে থাকতে পারে বলে জানা গেছে।

হাসপাতালে নেওয়ার এই ঘটনার দিনই (১৪ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতাবিরোধী অপরাধের মামলায় দেওয়া ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন হাসানুল হক ইনু। তাঁর আইনজীবী ব্যারিস্টার মো. সিফাত মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৫ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন পক্ষ ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল বিভাগে আবেদন করেছিল। অর্থাৎ, একই মামলায় এখন উভয় পক্ষই আপিল বিভাগে অবস্থান করছে।

এর আগে, গত ৩০ জুন ২০২৬ তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধ ও কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় কমান্ড রেসপন্সিবিলিটির (কমান্ডিং দায়িত্ব) দায়ে হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বরের ঘটনা সংক্রান্ত মামলাসহ একাধিক মামলায় তাঁর বিচারপ্রক্রিয়া ও আইনি কার্যক্রম চলমান রয়েছে।

সম্পর্কিত