রাজধানী
মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান
স্টাফ রিপোর্টার।। রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রতিরোধে বিশাল যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে মোহাম্মদপুরের অন্যতম অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত জেনেভা ক্যাম্পে একযোগে এই অভিযান শুরু হয়।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এই বিশেষ যৌথ অভিযানে পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বিপুল সংখ্যক সদস্য অংশ নিয়েছেন।
অভিযান চলাকালে যৌথ বাহিনীর সদস্যরা জেনেভা ক্যাম্পের ভেতর ও চারপাশের প্রবেশপথগুলো অবরুদ্ধ করে ফেলেন। ক্যাম্পের পাশাপাশি মোহাম্মদপুরের লোহার গেট এবং মোহাম্মদপুর থানা-সংলগ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ব্লক রেইড ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেনেভা ক্যাম্পে দীর্ঘদিন ধরে চলা মাদক কারবারিদের অভ্যন্তরীণ কোন্দল, আধিপত্য বিস্তার ও কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। এরই প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই বিশেষ অ্যাকশনে নেমেছে যৌথ বাহিনী।
অভিযানটি এখনো চলমান থাকায় শেষ খবর পাওয়া পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে বা কী পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। অভিযান শেষ হওয়ার পর এই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।











