রাঙ্গুনিয়ার জনাকীর্ণ বাজারে ১৪ ফুটের অজগর, রাতে কাপ্তাইয়ের বনে অবমুক্ত
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দোভাষী বাজারের একটি দোকানের দরজার ওপর বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পেয়ে স্থানীয় লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। প্রায় ১৪ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের অজগরটি সোমবার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে রাঙামাটির কাপ্তাই রেঞ্জের রাম পাহাড় বিটের সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চন্দ্রঘোনা দোভাষী বাজারের সন্ধ্যা জুয়েলার্সের দরজার ওপর অজগরটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা সাপটি উদ্ধার করে কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
সন্ধ্যা জুয়েলার্সের মালিক রাজীব ধর জানান, তাঁর দোকানের পেছনেই কর্ণফুলী নদী। তবে অজগরটি কখন বা কীভাবে দোকানের দরজার ওপর এসেছে, তা কেউ বলতে পারছেন না।
পরে রাতে কাপ্তাই সহকারী বন সংরক্ষক এ কে এম ইমরুল কায়েস, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমান এবং রেঞ্জের নবাগত কর্মকর্তা খান মো. আনোয়ার হোসেনের উপস্থিতিতে অজগরটি রাম পাহাড় বিটের সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
জনাকীর্ণ বাজারের মতো স্থানে এত বড় অজগরের উপস্থিতিতে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় লোকজন। সাপটি কীভাবে লোকালয়ে এসেছে, তা নিয়ে তাঁদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।











