ঢাকা | অক্টোবর ১১, ২০২৬ - ৮:০২ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ১, কলেজ শিক্ষকসহ আহত ৫

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

 

কক্সবাজার-টেকনাফ সড়কের টেকনাফে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় কলেজ শিক্ষকসহ আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের কেরুনতলী চাকমারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে রঙ্গিখালী মাঈন উদ্দীন মেমোরিয়াল কলেজের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রভাষক হেলাল উদ্দিন রয়েছেন।

 

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পাশের একটি এনজিও পরিচালিত হাসপাতালে নিয়ে যান। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে।

 

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও পালংখালী বাজারের ফিড ব্যবসায়ী আমান জানান, তাঁর সামনেই পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে তিনি জানান।

 

পালংখালী স্টেশনের ব্যবসায়ী ও এনজিওকর্মী আবুল ফায়সাল মো. ফাহিম বলেন, সাম্প্রতিক সময়ে কক্সবাজার-টেকনাফ সড়কের ওই স্থানে একাধিক দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ স্থানটিতে স্পিড ব্রেকার অথবা প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা স্থাপনের দাবি জানান তিনি।

 

হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. নুরুল আবসার দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

সম্পর্কিত