কাপ্তাইয়ে কর্ণফুলীর মৎস্যসম্পদ রক্ষায় ২৫ মৎস্যজীবীকে প্রশিক্ষণ
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
কর্ণফুলী নদীর মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে রাঙামাটির কাপ্তাইয়ে ২৫ মৎস্যজীবীকে তিন দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণে পোনা পরিবহন, নার্সারি ব্যবস্থাপনা, আধুনিক মৎস্য চাষের কৌশল এবং মৎস্য সংরক্ষণ আইন সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।
রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা বিআরডিবি হলরুমে এ প্রশিক্ষণ শুরু হয়। মৎস্য অধিদপ্তর, চট্টগ্রামের উদ্যোগে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধান করছে কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
প্রশিক্ষণে হালদা নদী ও এর সঙ্গে সংযুক্ত কর্ণফুলী নদীর মৎস্যসম্পদের গুরুত্ব, মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল তুলে ধরা হচ্ছে। পাশাপাশি নদীর জীববৈচিত্র্য রক্ষা ও মৎস্য সংরক্ষণ আইন মেনে চলার বিষয়ে মৎস্যজীবীদের সচেতন করা হচ্ছে।
প্রশিক্ষণ পরিচালনা করছেন কাপ্তাইয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এরশাদ বিন শহীদ এবং রাঙামাটি সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান।
কাপ্তাইয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এরশাদ বিন শহীদ বলেন, “মৎস্যসম্পদ রক্ষা ও মাছের উৎপাদন বাড়াতে মৎস্যজীবীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি জরুরি। এ প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের টেকসই মৎস্য ব্যবস্থাপনায় দক্ষ করে তোলার পাশাপাশি প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণে আরও সচেতন করা হচ্ছে।”
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১৩ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।











