ঢাকা | অক্টোবর ১১, ২০২৬ - ১২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে পুলিশ সুপার

 

বান্দরবান প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বান্দরবানে বিভিন্ন পূজামণ্ডপ, গুরুত্বপূর্ণ পয়েন্ট ও চেকপোস্ট পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার। শনিবার (১০ অক্টোবর) বান্দরবান সদর থানাধীন বিভিন্ন স্থানে পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

 

এ সময় পুলিশ সুপার গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বৃদ্ধি, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সতর্ক থাকার নির্দেশ দেন। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি জোরদার এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য দায়িত্বরত পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করেন।

 

দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ফরহাদ সরদার, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিনিয়া চাকমা; জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ কামরুল আজম; বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ পারভেজসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

সম্পর্কিত