ঢাকা | অক্টোবর ১১, ২০২৬ - ১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

চাঁদাবাজির আতঙ্কে বান্দরবান-থানচি রুটে বাস চলাচল বন্ধ

বান্দরবান প্রতিনিধি:

 

মুঠোফোনে চাঁদা দাবি ও নিরাপত্তাহীনতার আশঙ্কায় বান্দরবান জেলা সদর থেকে থানচি উপজেলা রুটে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী, ব্যবসায়ী, চিকিৎসাপ্রত্যাশী রোগী ও পর্যটকেরা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) এই রুটে সীমিত পরিসরে বাস চলাচল করলেও শুক্রবার (৯ অক্টোবর) সকাল থেকে বান্দরবান ও থানচি, কোনো দিক থেকেই যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। ফলে জরুরি প্রয়োজনে জেলা সদরে আসা-যাওয়া করতে না পেরে ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি সাপ্তাহিক ছুটিতে থানচিতে বেড়াতে আসা পর্যটকদের যাতায়াতেও বিঘ্ন ঘটে।

 

বান্দরবান-থানচি সড়কের লাইনম্যান মংসিংনু মারমা জানান, বৃহস্পতিবার সকালে বান্দরবান থেকে থানচিগামী একটি যাত্রীবাহী বাসের চালকের মুঠোফোনে একটি চক্র চাঁদা দাবি করে। এ ঘটনার পর চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার শঙ্কায় তাঁরা বাস চালাতে অনীহা প্রকাশ করেন। পরিবহনমালিক ও সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় না হওয়া পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক করা কঠিন বলে মনে করেন তিনি।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসচালক বলেন, “রোয়াংছড়ি, রুমা ও থানচি সড়কে প্রায়ই চাঁদাবাজির ঘটনা ঘটে। বাসমালিকেরা গাড়ি চালানোর নির্দেশ দিলেও নিরাপত্তার স্বার্থে পরিস্থিতির স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আমরা গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিয়েছি।”

 

এ বিষয়ে বান্দরবান, থানচি, রোয়াংছড়ি ও রুমা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম জানান, চাঁদা দাবি করা গ্রুপটির সঙ্গে তাঁদের কোনো সমঝোতা বা সমন্বয় হয়নি। সমিতির সভাপতি অসুস্থ হয়ে বর্তমানে চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ফিরে এলে বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

তবে এই বিষয়ে প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

বাস চলাচল বন্ধ থাকায় থানচি রুটে যাতায়াত কার্যত স্থবির হয়ে পড়েছে। দ্রুত চাঁদাবাজির অভিযোগ তদন্ত, যাত্রী ও পরিবহনকর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং বাস চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীরা।

সম্পর্কিত