ঢাকা | অক্টোবর ৪, ২০২৬ - ১১:২৯ অপরাহ্ন

শিরোনাম

স্বাস্থ্য

সাতক্ষীরায় জামায়াতের ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

মো. হাফিজুল ইসলাম, সাতক্ষীরা।। সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা এবং ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চক্ষু চিকিৎসা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই চিকিৎসা নিতে আসা রোগীদের চোখ পরীক্ষা ও প্রেসক্রিপশন প্রদান কার্যক্রম শুরু হয়।

৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেস, সাতক্ষীরা সিটি কলেজের সহযোগী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ, ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল এবং ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী। ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মাওলানা আনিছুর রহমান।

ক্যাম্পে দিনব্যাপী আগত রোগীদের বিনামূল্যে চোখের দৃষ্টি ত্রুটি, চোখের প্রেসার ও নেত্রনালী পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থাপত্র দেওয়া হয়। এছাড়া মাঠ পর্যায় থেকে ছানি রোগীদের বাছাই করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাছাইকৃত ছানি রোগীদের পরবর্তীতে সম্পূর্ণ বিনামূল্যে বিদেশি লেন্সের মাধ্যমে অপারেশনের ব্যবস্থা করা হবে। একই সাথে রোগীদের প্রয়োজনীয় ওষুধ, কালো চশমা, যাতায়াত এবং থাকা-খাওয়ার যাবতীয় খরচও আয়োজক কমিটি বহন করবে। এছাড়া ক্যাম্পে আগত সাধারণ রোগীদের জন্য স্বল্প মূল্যে ওষুধ ও চশমা কেনার সুযোগ রাখা হয়।

দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চক্ষু সেবা পৌঁছে দেওয়া এবং অন্ধত্ব দূরীকরণে ছানি রোগীদের অপারেশনের আওতায় আনাই এই ক্যাম্পের মূল উদ্দেশ্য বলে আয়োজকেরা জানান। দিনব্যাপী এই ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকার সর্বস্তরের ও বিভিন্ন বয়সী নারী-পুরুষ সেবা নিতে ভিড় করেন।

সম্পর্কিত