ঢাকা | সেপ্টেম্বর ২৭, ২০২৬ - ২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

বৈষম্যহীন পাহাড়ি-বাঙালি সম্প্রীতি গড়ায় সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

বান্দরবান প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন, স্থিতিশীলতা রক্ষা এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বৈষম্যহীন সম্প্রীতি বজায় রাখতে গণমাধ্যম ও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, এমপি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে বান্দরবান শহরের ট্রাফিক মোড় সংলগ্ন বান্দরবান প্রেস ক্লাবের নতুন লিফট উদ্বোধন এবং ‘গৌরবের ৪৯ বছর-স্বর্ণালী’ শীর্ষক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সাংবাদিকদের ‘সংবাদপত্রের বিবেক’ হিসেবে উল্লেখ করে পার্বত্য মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের ১০ শতাংশ বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্য ও জীবনধারাকে দেশের মূল স্রোতধারার সঙ্গে বৈষম্যহীনভাবে এক কাতারে শামিল রাখতে সাংবাদিকদের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করতে হবে।

পেশাগত পরিপক্বতা বা ম্যাচিউরিটির ওপর গুরুত্বারোপ করে নবীন সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, অভিজ্ঞ ও বিচক্ষণ জ্যেষ্ঠ সাংবাদিকদের কাছ থেকে বস্তুনিষ্ঠ ও গ্রহণযোগ্য সংবাদ পরিবেশনের কৌশল আয়ত্ত করতে হবে। ধীরগতির নীতি পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়ে মন্ত্রী বলেন, “আমরা সবাই শান্তি চাই। শান্তির অন্বেষায় বৈষম্যমুক্ত, সাম্য ও মৈত্রীর বন্ধনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে আমাদের মিলেমিশে কাজ করে যেতে হবে।”

এর আগে একই দিন বিকেলে সাত কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মিত ‘বান্দরবান সরকারি মহিলা কলেজ’-এর নতুন একাডেমিক ভবনের ফলক উন্মোচন ও শুভ উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু।

বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে এবং এন এ জাকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিজ মাম্যাচিং, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, একেএম জাহাঙ্গীর, মোহাম্মদ মোজাম্মেল হক, অধ্যাপক মোঃ ওসমান গনি, মিনারুল হক, জেলা পরিষদ সদস্য জসিম উদ্দিন তুষার এবং আব্দুল মাবুদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সম্পর্কিত