মহালছড়ি সম্প্রীতি কাপে চ্যাম্পিয়ন অনির্বাণ ক্লাব
মহালছড়ি প্রতিনিধি।।।
বর্ণিল আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘মহালছড়ি সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরে মহালছড়ি স্টেডিয়ামজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। বিভিন্ন বয়সী দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় মিলনমেলায়।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মহালছড়ি অনির্বাণ ক্লাব ও মাইসছড়ি চৌধুরীপাড়া একাদশ। রোমাঞ্চকর ও টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে মাইসছড়ি চৌধুরীপাড়া একাদশকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মহালছড়ি অনির্বাণ ক্লাব। শিরোপা নির্ধারণী ম্যাচটি উপভোগ করতে বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের শুরু থেকেই খেলাধুলার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরা হয়। এরই অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মহালছড়ি জোনের পক্ষ থেকে টুর্নামেন্টে উপস্থিত দর্শকদের প্রত্যেকের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, পুরো টুর্নামেন্টজুড়ে সর্বমোট ২৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি এবং পরিবেশের প্রতি মানুষের দায়িত্ববোধ জাগ্রত করাই ছিল টুর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন মহালছড়ি জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল জাবির আসিফ। এ সময় আয়োজক, ক্রীড়াপ্রেমী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যের জন্য ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট ও সেরা গোলকিপার নির্বাচিত খেলোয়াড়দেরও পুরস্কৃত করা হয়।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বলেন, মহালছড়ির ইতিহাসে এই টুর্নামেন্ট শুধু একটি ফুটবল প্রতিযোগিতা হিসেবে সীমাবদ্ধ থাকেনি। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক মিলনমেলায় পরিণত হয়েছে।











