ঢাকা | সেপ্টেম্বর ২৪, ২০২৬ - ৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে সেনা রিজিয়নের আয়োজনে ‘সম্প্রীতির ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি:

‘খেলাধুলায় সম্প্রীতি, সম্প্রীতিতে সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে শুরু হয়েছে “সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬”। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস। তিনি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন বান্দরবানের সম্প্রীতি ও ঐক্যকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান সদর জোনের জোন উপ-অধিনায়ক মেজর সায়েম আহমেদ, পিএসসি। এছাড়া উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের মেজর পারভেজ রহমান, জিএসও-২; বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি; ক্যাপ্টেন সামিউল ইসলাম, জিএসও-৩; বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা ক্রীড়া অফিসার মোঃ রেজাউল করিম, বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুল, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের মোঃ রফিকুল আলমসহ সামরিক-বেসামরিক কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীরা।

বাংলাদেশ সেনাবাহিনী, বান্দরবান রিজিয়নের পৃষ্ঠপোষকতায় এবং বান্দরবান সদর জোনের সার্বিক আয়োজন ও তত্ত্বাবধানে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। সহযোগিতায় রয়েছে বান্দরবান জেলা প্রশাসন, বান্দরবান ফুটবল ফেডারেশন ও বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ।

উদ্বোধনী ম্যাচে রোয়াংছড়ি উপজেলা ও রুমা উপজেলা পুরুষ দল মুখোমুখি হয়। বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হওয়া ম্যাচ ঘিরে জেলা স্টেডিয়ামে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠে দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত লড়াই ও দর্শকদের উচ্ছ্বাসে উদ্বোধনী আয়োজনটি হয়ে ওঠে উৎসবমুখর।

আয়োজকরা জানান, টুর্নামেন্টের মাধ্যমে বান্দরবানের বিভিন্ন সম্প্রদায়ের তরুণ খেলোয়াড়দের প্রতিভা অন্বেষণ, বাফুফে প্রতিনিধিদের মাধ্যমে যাচাই-বাছাই এবং ক্রীড়াক্ষেত্রে নতুন প্রতিভা তুলে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তরুণদের সুস্থ ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

সম্পর্কিত