তিনদিনেও মেলেনি চার শিশুর সন্ধান, স্বজনদের আহাজারি
লক্ষ্মীপুর প্রতিনিধি।। লক্ষ্মীপুরে পৃথক তিন স্থানে চার শিশু নিখোঁজের ঘটনায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তাদের পরিবার। নিখোঁজের তিন দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজদের মধ্যে রয়েছে রায়পুর উপজেলার ১৪ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আরাফাত সায়েম। সে ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির জাকির হোসেনের ছেলে এবং রায়পুর এলএম পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। একই উপজেলার ৫ নম্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের প্রবাসী এমরান হোসেনের ছেলে ইকরামুল হাসান মিনহাজও (১৪) নিখোঁজ রয়েছে। সে রায়পুর আলিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
এদিকে, চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর এলাকা থেকে লুবনা আক্তার নামে ছয় বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। গত ২১ সেপ্টেম্বর সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ১০ নম্বর চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর এলাকা থেকে সে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।
এ ছাড়া রামগঞ্জ উপজেলার ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির আবাসিক অষ্টম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া (অরিন) গত ২১ সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছে। তার বয়স আনুমানিক ১৬ বছর। পরিবারের তথ্য অনুযায়ী, ওই দিন সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে স্কুলের একাডেমি গেট থেকে সে নিখোঁজ হয়।
চার শিশুর সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে কান্নার রোল পড়েছে। সন্তানকে ফিরে পেতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন নিখোঁজ শিশুদের স্বজনরা।











