লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ৪৮ জন
রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটির লংগদুতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত বিনামূল্যের কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে সফলভাবে উত্তীর্ণ ৪৮ জন স্থানীয় তরুণ ও শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
সেনাবাহিনীর ব্যবস্থাপনায় গত ২৩ আগস্ট এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার বেকার তরুণ ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বিনামূল্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে চারটি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়। এগুলো হলো কম্পিউটার প্রশিক্ষণ, মোবাইল ফোন মেরামত, মেকানিক্যাল ও মেরামত প্রশিক্ষণ এবং প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ।
আয়োজকদের মতে, এ ধরনের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক ও উন্নয়নমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।











