বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী পরিদর্শনে সেনা জোন কমান্ডার
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন হাম রোগীদের খোঁজখবর নিয়েছেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি।
বুধবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতালে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অবগত হন এবং তাদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
পরিদর্শনকালে জোন কমান্ডার কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, কোনো রোগীর উন্নত বা বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হলে বান্দরবান সেনা জোনের মেইন ড্রেসিং স্টেশন (MDS)-এর মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হবে। পাশাপাশি জরুরি প্রয়োজনে রোগী স্থানান্তরের জন্য সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স সহায়তাও নিশ্চিত করা হবে।
পরিদর্শন শেষে জোন কমান্ডার চিকিৎসাধীন সকল রোগীর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি জানান, ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে বান্দরবান সেনা জোনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত রোগী ও তাদের স্বজনরা এ মানবিক উদ্যোগের জন্য বান্দরবান সেনা জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।











