দীঘিনালায় উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য, পুষ্টি, খাদ্য নিরাপত্তা এবং নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (WASH) সেবা জোরদারে বাস্তবায়নাধীন ‘Access to and Utilization of Lifesaving Services by Marginalized Communities in Chittagong Hill Tracts in Bangladesh’ শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ। উপজেলা কো-অর্ডিনেটর মিহির কান্তি ত্রিপুরার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প পরিচালক বিনোদন ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন, উপজেলা জনস্বাস্থ্য কার্যালয়ের উপ-প্রকৌশলী জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা শরৎ কুমার ত্রিপুরা, এফআইভিডিবি (FIVDB)-এর প্রতিনিধি অনিরুদ্ধ কুমার সরকার, হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সিনিয়র নিউট্রিশন অফিসার রিমি চাকমা, জীবিকায়ন কর্মকর্তা মালাখিন মারমা এবং মনিটরিং অফিসার শুভ রঞ্জন ত্রিপুরা।
সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। জানানো হয়, সমন্বিত পুষ্টি, খাদ্য নিরাপত্তা এবং WASH কার্যক্রমের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের পাঁচ বছরের কম বয়সী ঝুঁকিপূর্ণ শিশু এবং তাদের পরিবারের পুষ্টি, স্বাস্থ্যগত সক্ষমতা ও সার্বিক জীবনমানের উন্নয়ন নিশ্চিত করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।
বক্তারা বলেন, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়নের জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। একই সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর কেউ যেন স্বাস্থ্য, পুষ্টি, খাদ্য নিরাপত্তা ও WASH-সংক্রান্ত সেবা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।











