দুর্গম এলাকার ২০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ত্রাণ সহায়তা
রাজস্থলী প্রতিনিধি
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত দুর্গম এলাকার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ত্রাণ সহায়তা বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুফ হাসান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ২টার দিকে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের দুর্গম মুবাছড়ি, ভাতখাইয়া পাড়া, ঘিলামুখ আমতলী পাড়াসহ আশপাশের ছয়টি পাড়ায় এ ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে ইউএনও ইউছুফ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাহাড়ধস, ফসলি জমি নষ্ট হওয়া এবং কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের হাতে জরুরি মানবিক সহায়তা তুলে দেন। তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ সময় ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ভুবন মোহন তঞ্চঙ্গ্যা, উদয় কুমার তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন পাড়ার কারবারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।











