ঢাকা | জুলাই ২১, ২০২৬ - ৫:২০ অপরাহ্ন

শিরোনাম

রুমার দুর্গম গ্যালেংগায় হামের উপসর্গে আক্রান্ত শিশুদের চিকিৎসায় বিজিবির মানবিক সহায়তা

  • আপডেট: Monday, July 20, 2026 - 6:49 pm

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম গ্যালেংগা ইউনিয়নের অংলাই পাড়ায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুর ঘটনায় তাৎক্ষণিক মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)। আক্রান্ত শিশুদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি স্থানীয়দের মধ্যে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করেছে বিজিবি।

সোমবার (২০ জুলাই) বিজিবি সূত্রে জানা যায়, গ্যালেংগা ইউনিয়নের অংলাই পাড়ার বাসিন্দা কপাও ম্রো (১৩) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। প্রাথমিকভাবে একই ইউনিয়নের ৫ থেকে ১৬ বছর বয়সী আরও ১০ থেকে ১২ জন শিশু হামের উপসর্গে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস-এর নির্দেশনায় গ্যালেংগা বিজিবি ক্যাম্প থেকে একটি বিশেষ টহল দল আক্রান্ত এলাকায় পাঠানো হয়। টহল দল আক্রান্ত শিশুদের শনাক্ত করে উদ্ধারপূর্বক উন্নত চিকিৎসার জন্য রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

এ সময় বিজিবি সদস্যরা স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলা, দ্রুত চিকিৎসা গ্রহণ এবং সংক্রামক রোগ প্রতিরোধে প্রয়োজনীয় সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্গম এলাকার মানুষের কল্যাণে মানবিক দায়িত্ব পালনে তারা প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।