ঢাকা | জুলাই ১৮, ২০২৬ - ৮:৫৫ অপরাহ্ন

শিরোনাম

রাঙামাটিতে উদ্ধার বনমোরগ, কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

  • আপডেট: Saturday, July 18, 2026 - 6:33 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

 

রাঙামাটি শহরের দোয়েল চত্বর থেকে উদ্ধার করা একটি বনমোরগ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে বন বিভাগ। শনিবার (১৮ জুলাই) বিকেলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বনমোরগটি তার প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হয়।

 

বন বিভাগ সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জের কর্মকর্তারা রাঙামাটি শহরের দোয়েল চত্বর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি পরিত্যক্ত ব্যাগ তল্লাশি করে একটি জীবিত বনমোরগ উদ্ধার করা হয়।

 

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, বন বিভাগের উপস্থিতি টের পেয়ে বনমোরগটি ফেলে রেখে বিক্রেতা পালিয়ে যায়। পরে বন বিভাগ প্রাণীটি জব্দ করলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

তিনি আরও জানান, বিভাগীয় বন কর্মকর্তা এস. এম. সাজ্জাদ হোসেনের নির্দেশে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বনমোরগটি কাপ্তাই রেঞ্জে পাঠানো হয়। পরে সেটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

 

বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী বন্য প্রাণী শিকার, ধরা, বিক্রি বা অবৈধভাবে পরিবহন করা দণ্ডনীয় অপরাধ। উদ্ধার হওয়া বন্য প্রাণীগুলোকে সুস্থ অবস্থায় তাদের প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দিতে বন বিভাগ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।