ঢাকা | জুলাই ১৮, ২০২৬ - ৬:৩৪ অপরাহ্ন

শিরোনাম

লংগদুতে আওয়ামী লীগ নেতার বাগান থেকে ২৪ লাখ টাকার গাছ বিক্রির অভিযোগ: প্রমাণ চেয়ে বিএনপি নেতাকে শোকজ

  • আপডেট: Saturday, July 18, 2026 - 4:03 pm

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি:

 

রাঙামাটির লংগদু উপজেলায় আওয়ামী লীগ নেতা ফয়জুল আজীমের সেগুন বাগান থেকে প্রায় ২৪ লাখ টাকার গাছ কেটে বিক্রির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রচারের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে উপজেলা বিএনপির সদস্য রাজ্জাককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।

 

গত ১৭ জুলাই লংগদু উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের যৌথ স্বাক্ষরে এ নোটিশ জারি করা হয়।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে উপজেলা বিএনপির সদস্য রাজ্জাক দাবি করেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ নেতা ফয়জুল আজীম ফয়েজের একটি সেগুন বাগান থেকে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের গাছ কেটে বিক্রি করেছে উপজেলা বিএনপি।

 

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা ফয়জুল আজীম বলেন, তিনি এলাকার বাইরে থাকাকালে উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের নেতৃত্বে তাঁর সেগুন বাগানের গাছ কেটে নেওয়া হয়েছে। এছাড়া তাঁর জায়গায় কে বা কারা ঘর নির্মাণ করেছে বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে বিভিন্ন স্থানে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন।

 

অন্যদিকে অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে লংগদু উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন বলেন, এটি দলের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিত অপপ্রচার। তিনি জানান, ইস্যুকৃত নোটিশে অভিযুক্ত রাজ্জাককে আগামী তিন কার্যদিবসের মধ্যে তাঁর বক্তব্যের স্বপক্ষে উপযুক্ত তথ্য-প্রমাণসহ লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন তাঁকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

 

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত বিএনপি নেতা রাজ্জাকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।