ঢাকা | জুলাই ১৮, ২০২৬ - ৬:৪৮ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হলো, কর্ণফুলীতে নামছে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি

  • আপডেট: Saturday, July 18, 2026 - 4:02 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই লেকের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে একযোগে খুলে দেওয়া হলে কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি প্রবাহিত হতে শুরু করে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, শনিবার সকাল ১০টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৪ দশমিক ০৮ ফুট এমএসএলে পৌঁছায়। টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লেকে পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় পানি নিয়ন্ত্রণের স্বার্থে স্পিলওয়ের জলকপাট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও জানান, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিট থেকে গড়ে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি টারবাইনের মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে স্পিলওয়ের জলকপাট খুলে পানি ছাড়ার প্রস্তুতির কথা জানিয়েছিল। কর্তৃপক্ষ জানায়, কাপ্তাই লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। পরিস্থিতির অবনতি হলে পর্যায়ক্রমে আরও জলকপাট খুলে পানি নিষ্কাশনের পরিমাণ বৃদ্ধি করা হতে পারে।

এদিকে কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নদীর পানি বৃদ্ধি এবং সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে শনিবার কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিলওয়ে দিয়ে পানি ছাড়ার কার্যক্রম পরিদর্শন করেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলমগীর হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম, কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কর্মকর্তাসহ রাঙামাটি জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।