ঢাকা | জুলাই ১৬, ২০২৬ - ৭:১৪ অপরাহ্ন

শিরোনাম

রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, July 16, 2026 - 5:21 pm

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা, পূজা-অর্চনা, কীর্তন ও মহাপ্রসাদ বিতরণসহ দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) এ উৎসব পালিত হয়।

রথযাত্রা উৎসব উদযাপন কমিটির সূত্রে জানা যায়, বাঙ্গালহালিয়ার শ্রীশ্রী রাধা মদন গোপাল গিরিধারী মন্দিরে সকালে মঙ্গলাচরণ ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের পূজা, বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি, হরিনাম সংকীর্তন এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

এ বছর বাঙ্গালহালিয়ায় দ্বিতীয়বারের মতো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় মন্দির প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান শেষে সুসজ্জিত রথ টেনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাঙ্গালহালিয়া বাজারের উত্তর ও দক্ষিণ দিক প্রদক্ষিণ করে আবাসিক হিন্দুপাড়া হয়ে নির্ধারিত গন্তব্য ‘মাসির বাড়ি’তে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক ভক্ত-অনুরাগী অংশ নেন। পুরো এলাকা ধর্মীয় আবহ ও উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভেদানন্দ মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী রাধা মদন গোপাল গিরিধারী মন্দিরের অধ্যক্ষ মাধব গৌর দাস বাবাজি, মাধব বন্ধু বাবাজি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সহ-সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য জিকু কুমার দে, প্রধান উপদেষ্টা পঙ্কজ ভূষণ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি শিবু ধর, সহ-সভাপতি প্রিয়লাল দত্ত, রিটন দত্ত, সুব্রত দে, বিশু মৌলিক, বিপ্লব মৌলিক, সাংবাদিক মিন্টু নাথ, লাভলু মৌলিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদযাপন কমিটির নেতারা জানান, আগামী ২৬ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ বছরের রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে। সেদিনও সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, পূজা, কীর্তন ও প্রসাদ বিতরণের আয়োজন থাকবে।

উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চন্দ্রঘোনা থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।