ঢাকা | জুলাই ১৬, ২০২৬ - ৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম

বরকলে বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

  • আপডেট: Thursday, July 16, 2026 - 4:42 pm

 

তসলিম উদ্দিন, বরকল (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির বরকলে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাঙামাটি সেক্টরের অধীন ১২ বিজিবির ছোট হরিনা জোনের উদ্যোগে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভুষণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ছোট হরিনা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. আসিফুর রহমান আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পাহাড়ি ও বাঙালি নারী, শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।

মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. আসিফুর রহমান জানান, চিকিৎসাসেবা নিতে আসা অধিকাংশ শিশুই সর্দি-কাশি ও ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত ছিল। এছাড়া নারী ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত কাশি, হাঁপানি, শারীরিক দুর্বলতা, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

চিকিৎসাসেবা নিতে আসা ময়না বেগম বলেন, তার শিশু অসুস্থ হওয়ায় তিনি বিজিবির এই ফ্রি চিকিৎসাসেবা নিতে এসেছেন। আরেক উপকারভোগী বৃদ্ধ হাসান আলী বলেন, “বিজিবি আমার চিকিৎসা করেছে এবং বিনামূল্যে ওষুধ দিয়েছে। এতে আমি খুবই খুশি।”

৪নং ভুষণছড়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের প্রশাসক আব্দুস সালাম জানান, টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত বহু পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। এমন পরিস্থিতিতে ছোট হরিনা জোনের উদ্যোগে প্রায় দুই শতাধিক নারী, শিশু ও বয়স্ক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন। এ জন্য তিনি ১২ বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ছোট হরিনা জোন সূত্রে জানা যায়, এদিন প্রায় ১৫০ জন বন্যাদুর্গত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। বিকেলে মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. আসিফুর রহমান আশ্রয়কেন্দ্রে চিকিৎসা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলেন এবং ভবিষ্যতেও দুর্যোগকালে বন্যার্তদের পাশে থেকে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।