ঢাকা | জুলাই ১৬, ২০২৬ - ৬:৩১ অপরাহ্ন

শিরোনাম

মহালছড়িতে জুলাই শহীদ দিবস পালিত, শহিদদের আত্মত্যাগ স্মরণে আলোচনা সভা

  • আপডেট: Thursday, July 16, 2026 - 4:39 pm

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি।।

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরফানুল হক চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার চোহলাপ্রু চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মির্জা জহির, বন কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন, জুলাই যোদ্ধা মোঃ কামাল হোসেনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুবর্না দে শম্পুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, ত্রিপিটক পাঠ ও গীতা পাঠ করা হয়। পরে স্বাগত বক্তব্য দেন জুলাই যোদ্ধা মোঃ কামাল উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জুলাইয়ের শহিদদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহিদদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

সভায় জুলাই আন্দোলনের স্মৃতিচারণের পাশাপাশি শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।