ঢাকা | জুলাই ১৩, ২০২৬ - ৯:০৪ অপরাহ্ন

শিরোনাম

টানা পঞ্চম দিনেও বান্দরবানে বন্যার্তদের পাশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ

  • আপডেট: Monday, July 13, 2026 - 7:01 pm

বান্দরবান প্রতিনিধি:

টানা পঞ্চম দিনের মতো বান্দরবানে বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার পানিবন্দী ও দুর্ভোগেপড়া পরিবারের মাঝে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

 

বান্দরবান সদর উপজেলার গোয়ালিয়াখোলা সহ বিভিন্ন স্থানে প্রায় ২০০ পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে মারমা ও বাঙালি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ডাল, আলু, তেল, পানি, মুড়ি, বিস্কুট শুকনো খাবারসহ প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, দুর্গত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতেই তাদের এ উদ্যোগ অব্যাহত রাখা হয়েছে।

 

ত্রাণ গ্রহণকারী উপকারভোগী থুইনুচিং মারমা বলেন, “বন্যার কারণে আমাদের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। কাজকর্মও বন্ধ হয়ে গেছে। এমন সময়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দেওয়া ত্রাণ আমাদের পরিবারের জন্য অনেক উপকারে এসেছে।”

 

আরেক উপকারভোগী মেপ্রুচিং মারমা বলেন, “বন্যার পর থেকে খুব কষ্টে দিন কাটছে। এই সহায়তা পেয়ে আমরা কিছুটা স্বস্তি পেয়েছি। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।”

 

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো: নাছির উদ্দীন বলেন, “মানুষ মানুষের জন্য। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের এই দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই টানা পঞ্চম দিনের মতো আমরা ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকে দুর্গত মানুষের পাশে এগিয়ে আসারও আহ্বান জানাই।”

 

ত্রাণ বিতরণকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।