ঢাকা | জুলাই ১২, ২০২৬ - ৯:৫৭ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাই আশ্রয়কেন্দ্রে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

  • আপডেট: Sunday, July 12, 2026 - 7:41 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

টানা ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রাঙামাটি রিজিয়নের অধীন কাপ্তাই জোন (৩৮ বীর) কর্তৃক কাপ্তাই উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এ চিকিৎসা কার্যক্রমে আশ্রয়কেন্দ্রে থাকা নারী, শিশু ও বয়স্কদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন সেনাবাহিনীর মেডিক্যাল অফিসাররা।

সেনাবাহিনীর মেডিক্যাল টিম জানায়, অধিকাংশ শিশু সর্দি, ঠান্ডা ও কাশিতে আক্রান্ত ছিল। এছাড়া নারী ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত সমস্যা, হাঁপানি, শারীরিক দুর্বলতা, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়েছে।

চিকিৎসাসেবা নিতে আসা আসমা বেগম বলেন, “আমার শিশু অসুস্থ হওয়ায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা নিতে এসেছি। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে উপকৃত হয়েছি।”

বৃদ্ধ শরিফা খাতুন বলেন, “সেনাবাহিনী আমার চিকিৎসা করেছে এবং বিনামূল্যে ওষুধ দিয়েছে। এতে আমি খুবই খুশি।”

৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, “দীর্ঘ এক সপ্তাহের বেশি সময় ধরে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন প্রায় ৫০০ নারী, শিশু ও বয়স্ককে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে। এ মানবিক উদ্যোগের জন্য সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

কাপ্তাই জোন সূত্রে জানা যায়, দিনব্যাপী প্রায় ৫০০ জন বন্যাদুর্গত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। বিকেলে কাপ্তাই জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাজমুল কাদির শুভ, পিএসসি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ছবির ক্যাপশন: কাপ্তাই উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হচ্ছে।